টিভি থেকে এলে বাড়তি পরিশ্রম করতে হয়: মাহিমা মাকওয়ানা

মাহিমা মাকওয়ানা। ছবি: ইনস্টাগ্রাম
টেলিভিশন থেকে বলিউডে কাজ শুরু করা অভিনেতাদের নিয়ে ধারণার খুব একটা পরিবর্তন আসেনি, এমন মন্তব্য করেছেন অভিনেত্রী মাহিমা মাকওয়ানা। তার ভাষ্য, ‘অনেক সময় সিনেমার অডিশনে অংশ নেওয়ার আগেই ‘টেলিভিশনের পরিচিত মুখ’ শুনে না করে দেওয়া হয়।’
শিশুশিল্পী হিসেবে টিভিতে অভিনয় শুরু করেন মাহিমা। পরে ধারাবাহিকের জনপ্রিয় মুখ হয়ে সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ শুরু করছেন। সালমান খানের সঙ্গে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর তার অভিনয়জীবনে নতুন অধ্যায়ের সূচনা ঘটে। তবে টেলিভিশনকেই নিজের পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন।
তার মতে, টিভির পর্দাই তাকে অভিনেত্রী ও মানুষ হিসেবে গড়ে তুলেছে।
অভিনেত্রী বলেছেন, ‘টেলিভিশন আমাকে অনেক কিছু দিয়েছে। তাই এমন কিছু নয় যে আমাকে এটি থেকে দূরে সরে যেতে হবে।’ একই সঙ্গে তিনি মনে করেন, ‘সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাচ্ছে এবং দর্শক এখন বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসা শিল্পীদের আরও সহজভাবে গ্রহণ করছেন।’
তবে নিজের তৈরি ইমেজ ভাঙতে টেলিভিশন অভিনেতাদের কখনো কখনো বাড়তি পরিশ্রম করতে হয় বলেও মনে করেন মাহিমা। তার বর্তমান ব্যস্ততা ‘মুসাফির ক্যাফে’কে ঘিরে।
সিরিজটির দ্বিতীয় মৌসুমে প্রীতি চরিত্রে ফিরছেন তিনি। প্রথম মৌসুমের চরিত্রটির সঙ্গে আবেগগতভাবে জড়িয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী। নতুন মৌসুমে চরিত্রটির আরও কিছু দিক তিনি আবিষ্কারের অপেক্ষায় রয়েছেন।
ক্যারিয়ারে প্রত্যাখ্যানের অভিজ্ঞতাও কম নয় মাহিমার। তার উপলব্ধি, কঠোর পরিশ্রম করলেও সবসময় সুযোগ পাওয়া যায় না। তাই সাফল্য বা ব্যর্থতা কোনো কিছুকেই ব্যক্তিগতভাবে না নিয়ে নিজের কাজ চালিয়ে যাওয়াকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন।






