কর্মসূচিতে অনুপস্থিত থাকায় জাবির ১১ ছাত্রদল নেতাকে শোকজ

সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে আসীন থাকা সত্ত্বেও বিপ্লব ও সংগতি দিবসের কর্মসূচিতে অনুপস্থিত থাকা এবং দায়িত্ব অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে হল পর্যায়ের ১১ জন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়েছে।
রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সহ-দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক বরাবর লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক আজ রবিবার এ নির্দেশনা দেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে অনুপস্থিতির কারণে এ নোটিস দেওয়া হয়েছে।
শোকজ পাওয়া নেতারা হলেন— শহীদ রফিক জব্বার হল শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, নবাব সলিমুল্লাহ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিমন, আ ফ ম কামাল উদ্দীন হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত হোসেন ও সভাপতি ফাহাদুর জামান শোভন, শেরে বাংলা এ কে ফজলুল হক হল শাখা ছাত্রদলের সভাপতি সাইফ বিন মাহাবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম, শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ হল শাখা ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ পাপণ, আল বেরুনী হল শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রদলের সভাপতি হামিদুল্লাহ সালমান।



