প্রাথমিকে শিক্ষক বদলি
জাতীয় কমিটিতে সরাসরি আবেদন গ্রহণ হবে না

গ্রাফিকস: আগামীর সময়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এতে বলা হয়েছে, বদলি-সংক্রান্ত আবেদন অবশ্যই নির্ধারিত পর্যায়ের কমিটির মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। যথাযথ কর্তৃপক্ষকে এড়িয়ে সরাসরি জাতীয় কমিটির কাছে আবেদন করলে তা গ্রহণ করা হবে না।
আজ সোমবার ডিপিইর জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি-সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনার জন্য উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় এই চার পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য পর্যায়ের কমিটির মাধ্যমে নিষ্পত্তিযোগ্য অনেক আবেদনও সরাসরি জাতীয় কমিটির কাছে জমা দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটির সদস্য সচিবরা আবেদন গ্রহণ না করায় শিক্ষকরা বাধ্য হয়ে জাতীয় কমিটির কাছে আবেদন দাখিল করছেন। আবার অনেক শিক্ষক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে সরাসরি জাতীয় কমিটির কাছে আবেদন করায় সরকারি কার্যক্রমে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে।
এ অবস্থায় উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটিকে তাদের নিজ নিজ এখতিয়ারাধীন আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় কমিটির এখতিয়ারভুক্ত আবেদনও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠাতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। অন্যথায় এসব আবেদনের বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করা হবে না।
বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কমিটিকে নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।






