বেসরকারি দাখিল আলিম মাদ্রাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এজন্য দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে তা গঠন করতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষর করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রবিধানমালা, ২০২৫-এ দেওয়া ক্ষমতাবলে দেশের বিদ্যমান বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। গত ২ আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জারি করা নির্দেশনা বহাল থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এদিকে, কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে। ২০২৫ সালের সংশোধিত প্রবিধানমালার প্রবিধান ৬৪-এর উপ-প্রবিধান (৩) অনুযায়ী, মাদ্রাসাপ্রধান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে সভাপতি মনোনয়নের জন্য তিনজনের একটি তালিকা পাঠাবেন। তালিকায় শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তার ওপরে পদমর্যাদার সরকারি কর্মচারীদের রাখা যাবে।
তবে সিটি করপোরেশন এলাকার মাদ্রাসার ক্ষেত্রে মাদ্রাসাপ্রধান বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে সভাপতি মনোনয়নের প্রস্তাব পাঠাবেন।



