প্রাথমিক স্কুলের ঈদের ছুটি শুরু শনিবার

প্রাথমিক স্কুলে ছুটি শুরু হচ্ছে আগামীকাল শনিবার থেকে। খুলবে আগামী ৭ জুন রবিবার। ফলে শনিবার ক্লাস হচ্ছে না প্রাথমিক স্কুলগুলোতে।
শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর।
আগের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার ক্লাস চলার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব প্রাথমিকে ছুটি শুরু কাল থেকেই।
রোজায় বন্ধ থাকায় ক্লাসের ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল। সেই হিসাব অনুযায়ী শনিবার (২৩ মে) প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা ছিল। একই সঙ্গে ঈদের ছুটি সমন্বয় করতে সব সরকারি প্রতিষ্ঠান শনিবার খোলা রাখার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে অনুযায়ী জারি হয়েছিল আদেশও।
এমন জটিলতায় শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ, তা নিয়ে সিদ্ধান্ত নিতে হিমশিম অবস্থায় ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এদিকে বার্ষিক ছুটি ও শিক্ষাপঞ্জি অনুযায়ী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ছুটি থাকবে। যেহেতু ছুটি শুরু হবে ২৪ মে এবং ঘাটতি পূরণে ১০টি শনিবার খোলা রাখার কথা, ফলে ২৩ মে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা ছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ থাকবে সব প্রাথমিক।
অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ে আবার যে মিড ডে খাবার পরিবেশন করা হয়, সেই নির্দেশনায় ২২ মে থেকেই বিদ্যালয়ে খাবার দেওয়া বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তাতে বোঝানো হয়েছে, শনিবার বন্ধ থাকবে বিদ্যালয়।






