শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান - সংগৃহীত ফাইল ছবি
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার দুপুর ২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বললেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তুতি চলছে। সোমবার সকাল থেকেই সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, অনুবিভাগ ও দপ্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগীয় প্রধানদের সঙ্গে একটি পর্যালোচনা সভায় অংশ নেবেন। এ লক্ষ্যে পরিদর্শনের সম্ভাব্য রুটসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ ছাড়া পরিদর্শনকালে শিক্ষা মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন প্রকল্প, শিক্ষা নীতি বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে তিনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।




