কবি নজরুল বিশ্ববিদ্যালয়
সংঘর্ষের ২৬ দিন পরেও তদন্ত শেষ হয়নি, প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের অবস্থান

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি: আগামীর সময়
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সংঘর্ষের ঘটনায় ২৬ দিনেও বিচারিক প্রক্রিয়া চূড়ান্ত না হওয়ায় আবারও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
গতকাল সোমবার সকাল ১১টার পর কলা অনুষদ থেকে মিছিল নিয়ে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত প্রকাশের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করার পাশাপাশি দ্রুত শৃঙ্খলা বোর্ডের সভা আহ্বানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে প্রশাসনিক ভবনের ফটকে অবস্থান নিয়ে তাদের দুই দফা দাবি তুলে ধরেন। এ সময় তাদের সঙ্গে কথা বলতে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান জনি। তিনি শিক্ষার্থীদের জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে গত ১০ দিনে ছয়-সাতবার আনুষ্ঠানিক বৈঠক করেছে তদন্ত কমিটি। তদন্তের ফলাফল প্রায় প্রস্তুত এবং অল্প সময়ের মধ্যেই শৃঙ্খলা বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
প্রক্টরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংঘর্ষে আহত ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী সাকিব প্রশ্ন তোলেন, ‘১০ দিনে ৬-৭ বার বৈঠক করেছেন, আমি মারা গেলে আর কয়দিন বৈঠক করতেন?’
পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে তাদের বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদার কাছে নিয়ে যাওয়া হয়। উপাচার্য ক্যাম্পাসে না থাকায় কোষাধ্যক্ষের সঙ্গে অনুষ্ঠিত ওই আলোচনায় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় কোষাধ্যক্ষ জানান, তদন্তে দেরি হওয়ার অন্যতম কারণ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ ও তথ্য যাচাই। ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক ব্যস্ততার কারণে সব শিক্ষার্থীকে একই সময়ে পাওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনার প্রকৃত চিত্র নির্ধারণের চেষ্টা করছে তদন্ত কমিটি। পক্ষপাতহীন ও নিরপেক্ষভাবে তদন্ত সম্পন্ন করতেই সময় লাগছে বলে জানান তিনি।
তবে সোমবারের মধ্যেই তদন্ত প্রতিবেদন চূড়ান্তভাবে প্রস্তুত হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন কোষাধ্যক্ষ। তিনি জানান, মঙ্গলবার উপাচার্য ক্যাম্পাসে ফিরলে দ্রুত শৃঙ্খলা বোর্ডের সভা আহ্বানের পরামর্শ দেওয়া হবে। একই সঙ্গে স্বল্প সময়ের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরের প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হবে। ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।




