শাবিপ্রবিতে র্যাগিংয়ের ঘটনায় ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়— সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলের পাশের আবাসিক এলাকায় অবস্থিত রিপন ছাত্রাবাসে গত ১০ আগস্ট রাতে র্যাগিংয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটিতে সভাপতি হিসেবে আছেন সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসেন সিকদার। এছাড়া সদস্য হিসেবে আছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহম্মদ ওমর ফারুক, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রভাষক মোহাম্মদ শোয়াইব ও প্রভাষক মো. সাদেকিন।
অফিস আদেশে কমিটিকে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হল সংলগ্ন একটি ছাত্রাবাসে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে মেয়ে সাজিয়ে র্যাগিং দেওয়ার অভিযোগ উঠে ৬ সিনিয়রের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে প্রক্টর অফিস বরাবর অভিযোগ জানান র্যাগিংয়ের শিকার এক শিক্ষার্থী।







