জানালেন শিক্ষামন্ত্রী
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত দ্রুত

সংগৃহীত ছবি
প্রাথমিকে নিয়োগবঞ্চিত অবশিষ্ট ৮১৭ জনের বিষয়ে পর্যালোচনা আগামী ১ অক্টোবরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তার ভাষ্য, প্রার্থীদের যাচাই-বাছাই বিভিন্ন পর্যায়ে চলছে। ১ অক্টোবরের মধ্যে কোনো যাচাই অমীমাংসিত থাকলে সেটিও তখন স্পষ্ট হবে। ফলে শেষ পর্যন্ত ২০, ৫০ কিংবা ১০০ জনের নিয়োগ বাকি থাকবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। গতকাল সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলছিলেন শিক্ষামন্ত্রী। তিনি জানালেন, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর মধ্যে চূড়ান্ত আবেদন জমা দিয়েছেন ১৩ হাজার ৮৫৪ জন। আবেদন করেননি ৫৩০ জন। সম্ভবত অন্য কোথাও চাকরি পাওয়ায় তারা আবেদন করেননি।
‘জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা পর্যায়ক্রমে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দিচ্ছেন। তবে যাচাই-বাছাই প্রতিবেদন না পাওয়া, প্রার্থীদের ঠিকানা পরিবর্তন এবং যোগাযোগ করতে না পারার কারণে কিছু ক্ষেত্রে এখনো নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি’— যোগ করলেন শিক্ষামন্ত্রী।
এ ছাড়া এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সতর্ক করে খাতা মূল্যায়নে শিক্ষকদের দায়িত্বশীলতা ও নির্ধারিত মান বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।



