এইচএসসিতে ঢাকা বোর্ডের ৮০ শতাংশ জিপিএ ৫ মহানগরে

ফাইল ছবি: ফোকাস বাংলা
চলতি বছর এইসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড থেকে জিপিএ ৫ পেয়েছেন ১৬ হাজার ৭১৪ জন। এর মধ্যে শুধু ঢাকা মহানগরী থেকেই পেয়েছেন ১৩ হাজার ৪৮২ জন, যা মোট জিপিএ ৫-এর ৮০ দশমিক ৬৬ শতাংশ। বিপরীতে রাজধানীর কাছের শরীয়তপুরে মাত্র ৩৫, রাজবাড়ীতে ৫৪, মুন্সীগঞ্জে ৫৫ ও মাদারীপুরে ৫৮ জন জিপিএ ৫ পেয়েছেন।
সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলাফল বিশ্লেষণে উঠে এসেছে শহর ও মফস্বলের পার্থক্যের এ চিত্র। রাজধানী, মহানগর ও বিভাগীয় শহরের শিক্ষার্থীদের পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির তুলনায় জেলা, উপজেলা, হাওর, চর, উপকূল ও পার্বত্য জনপদে তা অর্ধেকের ঘরেও নেই। পাসের হারেও একই চিত্র।
এ বছর ঢাকা মহানগরীতে ৭৯ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। তবে রাজধানীর অদূরে মানিকগঞ্জে পাসের হার ৩৮ দশমিক ২৫ শতাংশ। ব্যবধান ৪১ দশমিক শূন্য ৮ শতাংশ। অর্থাৎ রাজধানীর তুলনায় মানিকগঞ্জে পাসের হার প্রায় অর্ধেক।
সিলেট বোর্ডে মোট জিপিএ ৫-এর ৬৪ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে ৫৬ শতাংশের বেশি এসেছে সংশ্লিষ্ট সদর জেলা থেকে। মাদ্রাসা শিক্ষা বোর্ডেও একই চিত্র। সারা দেশে আলিম পরীক্ষায় মোট ৩ হাজার ২৫০ জন জিপিএ ৫ পেয়েছেন। এর মধ্যে শুধু ঢাকা জেলা থেকে পেয়েছেন ৮৭৭ জন। বাকি গাজীপুর ও চট্টগ্রাম মিলিয়ে জিপিএ ৫-এর অর্ধেকের বেশি এসেছে। অন্যদিকে মেহেরপুর ও রাঙামাটি জেলা থেকে একজন শিক্ষার্থীও জিপিএ ৫ পাননি।
বড় বড় মহানগর এলাকার জিপিএ ৫ পাওয়ার হার অনেক মফস্বল বা পাহাড়ি জেলার মোট পাসের হারের চেয়ে বেশি। যেমন— ঢাকা মহানগরীতে জিপিএ ৫ পেয়েছে ৪১ দশমিক শূন্য ৮ শতাংশ, অথচ মানিকগঞ্জের পাসের হার এর চেয়েও কম, ৩৮ দশমিক ৩০ শতাংশ। একইভাবে চট্টগ্রাম মহানগরে জিপিএ ৫ পাওয়ার হার ২৬ দশমিক ৩৪ শতাংশ, অথচ খাগড়াছড়িতে পাসের হার মাত্র ২৯ শতাংশ।
শহর ও মফস্বলের এই ব্যবধান কমানো না গেলে শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্য বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান। তিনি বললেন, ‘সরকার বদলে শিক্ষার নীতি বদলানোর ফসল হলো এ চিত্র। অথচ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারের একই সুবিধা পাচ্ছেন। কিন্তু পড়ালেখা ও ফলাফল ভিন্ন। তার মানে মফস্বলে তদারকির প্রচণ্ড অভাব রয়েছে।’



