জাককানইবির হলে গ্যাস লিকেজ, আহত ছাত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলনচাঁপা হলে গ্যাস লিকেজ থেকে আহত হয়েছেন এক ছাত্রী।
আজ শনিবার বিকাল আনুমানিক ৪টার পর এ দুর্ঘটনা ঘটে।
আহত সানজিদা সুরভী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাম হাতের জয়েন্টে গুরুতর আঘাত লেগেছে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার পর সানজিদাকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জনি কয়েকজন হাউজ টিউটরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। তিনি জানান, শিক্ষার্থীদের কাছ থেকে দ্রুত তথ্য নিয়ে তারা হলে গিয়ে গ্যাস লিকেজের সমস্যা সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে হলের নারী শিক্ষার্থীরা শান্তিতে ও স্বাভাবিক অবস্থায় রয়েছেন। আহত শিক্ষার্থীর খোঁজ-খবরও প্রশাসন রাখছে।
তবে কীভাবে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে, এর পেছনে কারিগরি ত্রুটি বা অব্যবস্থাপনা ছিল কি না এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে হলের প্রভোস্টের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।




