মহেশপুর সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জনকে আটক করেছে বিএসএফ

আটক মামুন মন্ডল
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি মানব পাচারকারীসহ চারজনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ শনিবার সকাল ৯টার দিকে সীমান্তের হালদারপাড়া গ্রামের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ আটকের ঘটনা ঘটে।
আটক বাংলাদেশি মানব পাচারকারীর নাম মামুন মন্ডল (২৮)। তিনি মহেশপুরের শ্যামকুড় গ্রামের মৃত নবী সদ্দি মন্ডলের ছেলে।
এ সময় তার সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও ৩ জনকে আটক করে বিএসএফ। পরে তাদের ভারতের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৬১-এর কাছে হালদারপাড়া গ্রামের আনুমানিক ৩০ গজ ভারতের অভ্যন্তরে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্পের টহল দল তাদের আটক করে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিজিবি জানায়,আটক মামুন মন্ডল দীর্ঘদিন ধরে মহেশপুর সীমান্ত এলাকায় মানব পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ভারতীয় দালালের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আটক ব্যক্তিদের ভারত থেকে বাংলাদেশে আনার সময় বিএসএফের হাতে তিনি আটক হন বলে জানা গেছে।
এদিকে, আটক ব্যক্তিদের বিষয়ে জানতে শ্রীনাথপুর বিওপির পক্ষ থেকে বিএসএফের মাহেন্দ্রা ক্যাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেনি। এ বিষয়ে ৫৮ বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে পত্র পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি।
আটক চারজনের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, তারা বিষয়টি জানার পর থেকে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফের সাথে আটক ৪ জনের তথ্য জানার চেষ্টা করছেন।



