জাবি ছাত্রদল থেকে সুমাইয়ার পদত্যাগ

সুমাইয়া সুলতানা ছিয়া
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী।
শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সুমাইয়া সুলতানা ছিয়া এ পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি তার রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করেছেন। সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়, সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ তাকে গভীরভাবে ভাবিয়েছে বলেও জানান তিনি।
ফেসবুক পোস্টে সুমাইয়া বলেছেন, দীর্ঘদিন ধরে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস ধারণ করে রাজনীতির সঙ্গে যুক্ত আছি। এই আদর্শের প্রতি আমার শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসা ব্যক্তিগত কোনো পদ বা সাংগঠনিক অবস্থানের ওপর নির্ভরশীল নয়। জীবনের শেষ দিন পর্যন্ত আমি জাতীয়তাবাদী আদর্শকে ধারণ ও লালন করে যেতে চাই।
তিনি জানান, একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে এ মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর অংশ হিসেবে আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন তিনি।
তবে তার এ সিদ্ধান্তকে জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে দাঁড়ানো হিসেবে না দেখার অনুরোধ করেছেন সুমাইয়া। তিনি বলেন, পদ থেকে সরে দাঁড়ালেও জাতীয়তাবাদী আদর্শ থেকে সরে যাচ্ছেন না এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী রাজনীতির প্রতি তার বিশ্বাস অটুট থাকবে।
সুমাইয়া আরও জানান, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি থেকে তার সাময়িক বিরতি। সংগঠনটি সুশৃঙ্খল, আদর্শনিষ্ঠ ও সুস্থ ধারায় পরিচালিত হচ্ছে বলে মনে না হওয়া পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের এ সাংগঠনিক রাজনীতিতে ফিরবেন না।
ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল শৃঙ্খলা, নীতি ও সাংগঠনিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে মনে হলে সময় ও পরিস্থিতি বিবেচনায় আবারও সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
নিজের সিদ্ধান্তকে সম্পূর্ণ স্বেচ্ছায় এবং ব্যক্তিগত বিবেক, রাজনৈতিক বিশ্বাস ও মূল্যবোধ থেকে নেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন সুমাইয়া সুলতানা ছিয়া।



