ঢাবিতে হলের ছাদে শিক্ষার্থীদের গাঁজা সেবন, তদন্তে কমিটি

সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের ছাদে গাঁজা সেবনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতের এ ঘটনা তদন্তে হলের আবাসিক শিক্ষক নাহিদ তানভীর খানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।
কমিটির অন্য দুই সদস্য হলেন— আবাসিক শিক্ষক রনি মৃধা ও সহকারী শিক্ষক মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রাথমিকভাবে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য রনি মৃধা।
শনাক্ত করা শিক্ষার্থীরা হলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোরশেদুল ইসলাম আকাশ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সিফাত হোসেন, একই শিক্ষাবর্ষের ওবাইদুর রহমান ত্বকি, যোগাযোগ বৈকল্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের পলক সানজিদ শুভ এবং ইসলামের ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমন আহাম্মেদ।
ঘটনার বর্ণনা দিয়ে রনি মৃধা বলেছেন, ‘হলে মাদক সেবনের খবর পেয়ে আমরা হলের ছাদে উঠেছিলাম। তখন হল প্রভোস্ট, আমি ও আরও দুজন শিক্ষক এবং হলের কয়েকজন প্রতিনিধি সেখানে ছিলাম। আমাদের দেখতে পেয়ে তারা দৌঁড়ে চলে যান। আমি কয়েকবার তাদের বলেছি “তোমরা তো আমাদের শিক্ষার্থী, কী হয়েছে, থামো।” কিন্তু তারা আমাদের কথা শোনেননি।’
তিনি জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। সবকিছু হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে।








