শিক্ষা সফরে যুক্তরাষ্ট্রে মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থীরা

কেনেডি স্পেস সেন্টারে পূর্ণদিবস শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেয় শিক্ষার্থীরা
মার্স্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের উত্তরা শাখার একদল শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে ১০ দিনব্যাপী একটি আন্তর্জাতিক শিক্ষা সফরে গিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান মাই অক্সব্রিজ এডুকেশন লিমিটেড এবং স্কুল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি গত ২৮ জুন শুরু হয়ে আগামী ৭ জুলাই পর্যন্ত চলবে।
মাই অক্সব্রিজ এডুকেশন লিমিটেডের পরিচালক ইউলিয়া মুখো স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রে জানানো হয়, এই সফরের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, নেতৃত্ব ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ করে দেওয়া, পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা পরিবেশের সঙ্গে পরিচয় ঘটানো।
সফরসূচি অনুযায়ী, ঢাকা থেকে দুবাই হয়ে শিক্ষার্থীরা প্রথমে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছায়। এরপর ম্যানহাটনে সংক্ষিপ্ত ভ্রমণ শেষে অভ্যন্তরীণ ফ্লাইটে অরল্যান্ডো যাত্রা করে দলটি। অরল্যান্ডোতে অবস্থানকালে তারা ফ্লোরিডা স্পেস একাডেমির কর্মশালায় অংশ নেয় এবং কেনেডি স্পেস সেন্টারে পূর্ণদিবস শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে।এ ছাড়া ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড ইপকট, ইউনিভার্সাল স্টুডিওজ ফ্লোরিডা ও আইল্যান্ডস অব অ্যাডভেঞ্চার এবং সিওয়ার্ল্ড অরল্যান্ডোতে সামুদ্রিক বিজ্ঞানবিষয়ক শিক্ষামূলক কর্মসূচিতেও অংশ নেয় শিক্ষার্থীরা। সফরের শেষ ধাপে তারা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভ্রমণ শেষে রাতভর কোচযোগে জেএফকে বিমানবন্দরে ফিরে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হবে।
আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, পুরো সফরের থাকা-খাওয়া, যাতায়াত ও কর্মসূচি সমন্বয়ের দায়িত্বে রয়েছে মাই অক্সব্রিজ এডুকেশন লিমিটেড এবং শিক্ষার্থীদের তত্ত্বাবধানের জন্য প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি পুরো সময় দলের সঙ্গে রয়েছেন। পত্রে বলা হয়েছে, সফরের উদ্দেশ্য সম্পূর্ণভাবে শিক্ষামূলক ও সাংস্কৃতিক।





