কবি নজরুল বিশ্ববিদ্যালয়
বিদ্রোহী হলে বৈদ্যুতিক কাটআউট বক্সে আগুন, শিক্ষার্থীদের উদ্বেগ

বিদ্রোহী হলের পানির পাম্পের বৈদ্যুতিক কাটআউট বক্সে আগুন। ছবি: আগামীর সময়
ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিদ্রোহী হলের পানির পাম্পের বৈদ্যুতিক কাটআউট বক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হল এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন শিক্ষার্থীরা।পরে শিক্ষার্থী ও আনসার সদস্যদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শিক্ষার্থীরা জানান, গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে ডাইনিংয়ে প্রবেশের মুখে ডান পাশে সিঁড়ির নিচে থাকা পানির পাম্পের বৈদ্যুতিক কাটআউট বক্সে আগুনের সূত্রপাত হয়। এ সময় ধোঁয়ায় চারপাশ ছেয়ে যায়। পাশাপাশি বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যাওয়ার তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা হলের নিচে নেমে আসেন। পরে শিক্ষার্থী ও আনসার সদস্যরা বালি ও অগ্নিনির্বাপক সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সরেজমিনে দেখা যায়, আগুনে পানির পাম্পের বৈদ্যুতিক কাটআউট বক্সটির ভেতরের অংশ ও বৈদ্যুতিক সংযোগের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিক্ষার্থীদের ধারণা, লুজ কানেকশন অথবা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্রোহী হলে বৈদ্যুতিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা যথাসময়ে সমাধান না হওয়ায় হলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।আগুনের ঘটনাকে কেন্দ্র করে তারা হল প্রশাসনের গাফিলতির অভিযোগও তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে হল প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।




