হাসপাতালে অবরুদ্ধ জবি অধ্যাপক

অধ্যাপক বিলাল হোসাইন—ফাইল ছবি
হাসপাতালে নিজের অবরুদ্ধ থাকার কথা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক বিলাল হোসাইন। আজ মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে বিলাল হোসাইন লিখেছেন, ‘কিচেন থেকে পুলিশ উদ্ধার করে এখন ন্যাশনাল হসপিটালের চারতলায় রেখেছে। এখানে আমার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ওমর ফারুক রয়েছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছে।’
তিনি আরও লিখেছেন, ‘আমাকে পুলিশ বলতেছে কোনো পেছনের গলি দিয়ে বের হতে। আমি বলেছি আমাকে মূল রাস্তা দিয়ে বের হতে হবে। না হলে আমি হসপিটালেই আছি।’
তিনি দাবি করেন, ‘যারা হাসপাতালে আক্রমণ করেছেন তারা সরকারি দলের মানুষ। তাদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, অথবা সরকারের লোকেরা পরিকল্পিতভাবে এই কাজ করাচ্ছেন। বিনয়ের সঙ্গে বলব- এটি ভালো লক্ষ্মণ না।’





