ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় করব : উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মো. লুৎফর রহমান। ছবি: সংগৃহীত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে (ডিসিইউ) শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।
গতকাল রবিবার রাজধানীর বারিধারা ডিওএইচএসে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে এ আশ্বাস দেন উপাচর্য।
এর আগে শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অধ্যাপক মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
অধ্যাপক মো. লুৎফর রহমান বলেছেন, ‘নতুন এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে আমি বদ্ধপরিকর।’
‘এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা প্রয়োজন’, লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত উপাচার্য।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে তার মেয়াদ চার বছর।
অধ্যাপক লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম, অধ্যাপক ড. বোরহান উদ্দিন, ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শহীদুল্লাহ এবং রেজিস্ট্রার মো. শাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে, নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণের দিনই তার নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে তারা সড়ক অবরোধ করে নতুন উপাচার্যের নিয়োগ বাতিল ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে পুনর্বহালের দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেছেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক হয়ে নিজস্ব যাত্রা শুরু করেছে। নতুন বিশ্ববিদ্যালয়ের এ যাত্রার শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়াকে তারা মেনে নিতে পারছেন না।




