উপাচার্য
স্বচ্ছতার সঙ্গে শেষ হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা

অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। ছবি : সংগৃহীত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেছেন, ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন হবে। এর মাধ্যমে যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার অঙ্গীকারে বিশ্ববিদ্যালয় আরও একধাপ এগিয়ে যাবে।
আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানান উপাচার্য।
এদিন সকাল ১১টায় বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টায় ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পরীক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
পরীক্ষা নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
ভর্তি পরীক্ষা উপলক্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস নিয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
উপাচার্য বিশ্বাস করেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই অসীম সম্ভাবনা রয়েছে। যারা নৈতিকতা ও জ্ঞানচর্চাকে জীবনের ভিত্তি হিসেবে গ্রহণ করবে, তারাই ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারবে।
‘ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক, কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতার ফলেই এই বিশাল আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে’, পরীক্ষা আয়োজনে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যাপক নূরুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতার কথা উল্লেখ করে উপাচার্য বলছিলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি জ্ঞানভিত্তিক, মানবিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নৈতিকতা ও উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ এক নতুন প্রজন্ম গড়ে তোলাই তাদের লক্ষ্য, যারা ভবিষ্যতে দেশ ও বিশ্বের কল্যাণে নেতৃত্ব দেবে।




