ঢাবির হলে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ চালু করল ডাকসু

ছবি: আগামীর সময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে আধুনিক কম্পিউটার ল্যাব ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ রবিবার বিকেল ৪টায় এ সেন্টারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম ও কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন হলের আবাসিক শিক্ষক কাজী মাঈনুদ্দীন মাহমুদ, হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, জিএস আহমেদ আল সাবাহ ও এজিএস মুশফিকুর রহমান তাজওয়ার।
ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধান এবং শেখ মুজিবুর রহমান হল সংসদের সহযোগিতায় সেন্টারটি স্থাপন করা হয়েছে।
মাজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স ও প্রশিক্ষণে অংশগ্রহণ এবং ই-লাইব্রেরি হিসেবে সেন্টারটি ব্যবহার করা যাবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন।
শেখ মুজিবুর রহমান হলে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের পর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলেও এ ধরনের ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ স্থাপন করা হবে বলেও জানান ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল।







