শিক্ষার্থীদের সহায়তায় স্কিটো-আইডিপির উদ্যোগ

দেশের তরুণদের আন্তর্জাতিক শিক্ষার পথ সুগম করতে গ্রামীণফোনের ডিজিটাল ব্র্যান্ড ‘স্কিটো’ ও ‘আইডিপি এডুকেশন বাংলাদেশ’-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি জিপি হাউজে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন গ্রামীণফোনের হেড অব স্কিটো মোহাম্মদ সালাহউদ্দীন কবীর ও আইডিপির কান্ট্রি ডিরেক্টর বি এম মাহবুবুল আলম রাজীব।
এই পার্টনারশিপের ফলে সব স্কিটো ব্যবহারকারী বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিতে বিশেষ কিছু সুবিধা পাবেন। যার মধ্যে রয়েছে ফ্রি আইইএলটিএস মাস্টারক্লাস সেশন, আইডিপির বিশেষ ‘স্টাডি অ্যাব্রোড প্রিভিলেজ কার্ড’ এবং দেশের যেকোনো আইডিপি অফিসে আইইএলটিএস নিবন্ধনে এক হাজার টাকা ছাড়।
অনুষ্ঠানে মোহাম্মদ সালাহউদ্দীন কবীর জানিয়েছেন, স্কিটোর প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের বিদেশযাত্রার স্বপ্নপূরণ আরও সহজ করতে চান তারা। অন্যদিকে, বি এম মাহবুবুল আলম রাজীব শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতিমূলক সহায়তা দিতে এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেছেন।



