জুলাই নিয়ে বিতর্কিত পোস্ট, জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক মাধ্যমে অবমাননাকর মন্তব্য করা এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কারাদেশ অনুযায়ী, প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী ও শেরেবাংলা এ কে ফজলুল হক হলের আবাসিক ছাত্র শরাফাত শারিককে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শৃঙ্খলা অধ্যাদেশ অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
অন্য আদেশে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত ও জড়িতদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, আইসিটি সেলের সিস্টেম অ্যানালিস্ট মো. রেজাউল আলম এবং সদস্য সচিব হিসেবে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুস সাত্তার। তদন্ত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।




