শিক্ষক-কর্মকর্তাদের ক্যাম্পাসমুখী করতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে স্কুল

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে স্কুল ভবনের উদ্বোধন
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করে তাদের ক্যাম্পাসমুখী করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভবনটির উদ্বোধনী ফলক উন্মোচন ও ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য বললেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভালো স্কুলে পড়ানোর জন্য অনেক সময় ক্যাম্পাসের বাইরে থাকতে হয়। তাদের ক্যাম্পাসমুখী করতে পারলে বিশ্ববিদ্যালয়ও তাদের কাছ থেকে আরও বেশি সেবা নিতে পারবে। এ লক্ষ্যেই শিক্ষার ভিত্তি প্রাথমিক স্তর থেকে শক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
উপাচার্য জানান, স্কুল অ্যান্ড কলেজটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য সীমাবদ্ধ থাকবে না। স্থানীয় বাসিন্দারাও তাদের সন্তানদের এখানে ভর্তি করাতে পারবেন। সবার জন্য সমান সুযোগ রাখা হবে। একই সঙ্গে অভিভাবকদের ওপর আর্থিক চাপ কমাতে শিক্ষাব্যয় নির্ধারণের বিষয়টিও বিবেচনা করা হবে।
প্রতিষ্ঠানটির বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, এখানে পাঁচজন শিক্ষক পাঠদান করছেন। তারা অবৈতনিকভাবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকদের বেতন নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ ও আবেদন করা হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে অনুমোদনও পাওয়া গেছে। দ্রুত প্রতিষ্ঠানটি সরকারি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নবনির্মিত ভবনটি পাঁচতলা। প্রতি তলায় এর আয়তন ১১ হাজার ৫০০ বর্গফুট। ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।



