রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান রবিন খান

রবিন খান
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের র চেয়ারম্যান হিসেবে আগামী পাঁচ বছরের জন্য মনোনীত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব রবিন খান। ট্রাস্টি বোর্ডের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে মনোনীত করা হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর রবিন খান মন্তব্য করেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন, মানসম্মত গবেষণার প্রসার এবং সৃজনশীলতার বিকাশের মাধ্যমে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, উদ্ভাবনমুখী ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করাই তার মূল লক্ষ্য।
দীর্ঘদিন ধরে গণমাধ্যম, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ও সংস্কৃতি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন রবিন খান। বর্তমানে তিনি আবাসন খাতের প্রতিষ্ঠান দেশা হোল্ডিং-এর চেয়ারম্যান, আনান প্যাক (বিডি) লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এবং চ্যানেল আই-এর প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করছেন। পাশাপাশি ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর গ্রুপের পরিচালনার সঙ্গেও তিনি সম্পৃক্ত।
প্রাতিষ্ঠানিক কাজের বাইরে রবিন খান একজন সফল নাট্য নির্মাতা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তার প্রযোজিত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘নীল নাকফুল’, ‘ছায়া মানবী’ ও ‘শিউলির বিয়ে’। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মন দেবো মন নেবো’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
এ ছাড়া তিনি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের টানা তিন মেয়াদের সহসভাপতি এবং পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও ডিরেক্টরস গিল্ডসহ একাধিক পেশাজীবী সংগঠনের সদস্য। পারিবারিক জীবনে তিনি এক কন্যা ও এক পুত্রসন্তানের জনক।





