হাইটেক পার্কের শিল্পপ্রতিষ্ঠানের বিদেশে অর্থ পাঠাতে নতুন সুবিধা

গ্রাফিকস: আগামীর সময়
হাইটেক পার্কে (এইচটিপি) পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদেশি অর্থ পরিশোধের ক্ষেত্রে নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতিষ্ঠানগুলো তাদের টাকা হিসাব থেকে নির্ধারিত সীমার মধ্যে রয়্যালটি, কারিগরি জ্ঞান ও কারিগরি সহায়তা ফি বাবদ বিদেশে অর্থ পাঠাতে পারবে। এ জন্য বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) পূর্বানুমোদন নিতে হবে না।
বৃহস্পতিবার জারি করা এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো নির্ধারিত সীমার মধ্যে এসব অর্থ পরিশোধের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে বৈদেশিক রেমিট্যান্সের ব্যবস্থা করতে পারবে।
নতুন ব্যবস্থার পাশাপাশি আগে অনুমোদিত বৈদেশিক মুদ্রা হিসাব ব্যবহার করে এসব অর্থ পরিশোধের সুযোগও বহাল থাকবে। তবে রেমিট্যান্স করার আগে এডি ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রায় কোনো আয় নেই।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, হাইটেক পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বৈদেশিক অর্থ পরিশোধের বাধ্যবাধকতা সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত সীমার বেশি রয়্যালটি, কারিগরি জ্ঞান ও কারিগরি সহায়তা ফি বিদেশে পাঠাতে হলে বিএইচটিপিএর পূর্বানুমোদন নিতে হবে।
এ ছাড়া অন্যান্য অনুরূপ প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য বিদেশে অর্থ পাঠাতে হলেও অর্থের পরিমাণ যা-ই হোক, বিএইচটিপিএর নির্দিষ্ট অনুমোদন নিতে হবে। নতুন এই ব্যবস্থার ফলে হাইটেক পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলো বিদেশি চুক্তির আওতায় অর্থ পরিশোধ এবং পরিচালনাগত ব্যয় মেটাতে আরও নমনীয়তা পাবে।






