পণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে
- সম্মেলনে বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে, একই সঙ্গে কৃষকও পাট চাষে আরও উৎসাহিত হবেন।
সোমবার রাজধানীর জেডিপিসি মিলনায়তনে চীনের ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত ‘কস্টিউম, কালচার, অ্যান্ড কানেকশন: এ বাইলেটারাল সিম্পোজিয়াম অন ট্র্যাডিশনাল অ্যাটায়ার অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ’ শীর্ষক দ্বিপক্ষীয় সিম্পোজিয়ামে তিনি এসব কথা বলেছেন। পাটমন্ত্রী জানিয়েছেন, চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন খাতকে আরও শক্তিশালী করার প্রত্যাশা করেন। সম্মেলনে চীনে পাট রপ্তানি বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারলে বাংলাদেশের টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করা সম্ভব। টেক্সটাইল খাতের উন্নয়নে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা আদান-প্রদান করা হবে।
মন্ত্রী বলেছেন, বস্ত্র ও পাট খাতের উন্নয়নে শিল্প, অ্যাকাডেমিয়া ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। চীনের ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত সক্ষমতা আরও উন্নত করার সুযোগ রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থাপনার সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক এবং শিল্পসংশ্লিষ্টদের যুক্ত করতে হবে।






