পেশার মর্যাদা বাড়াতে আইসিএমএবি আইসিএবি চুক্তি

সংগৃহীত ছবি
বাংলাদেশের হিসাব পেশার উন্নয়ন, পেশাগত উৎকর্ষ বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে যৌথভাবে অবদান রাখার লক্ষ্যে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) মধ্যে যৌথ সহযোগিতা কাঠামো স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার ঢাকায় আইসিএবি কাউন্সিল হলে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে যৌথ সহযোগিতা কাঠামোতে স্বাক্ষর করেন আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং আইসিএমএবির নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএমএবির সভাপতি মো. কাউসার আলম এবং আইসিএবির সভাপতি সাব্বির আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের সহসভাপতি, কাউন্সিল সদস্য, সাবেক সভাপতি, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় আইসিএমএবি সভাপতি মো. কাউসার আলম বলেছেন, জাতীয় নীতি প্রণয়ন ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে হিসাব পেশার কার্যকর অবদান নিশ্চিত করতে আইসিএমএবি এবং আইসিএবিকে নীতিগত পর্যায়ে আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি হিসাব পেশার স্বার্থে একটি সমন্বিত ও শক্তিশালী কণ্ঠস্বর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আইসিএবি সভাপতি সাব্বির আহমেদ বললেন, দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জাতীয় নীতি প্রণয়নে পেশাজীবীদের ভূমিকা আরও শক্তিশালী করবে, পেশার স্বীকৃতি বৃদ্ধি করবে এবং বাংলাদেশের হিসাব পেশার সামগ্রিক মর্যাদা ও অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
সহযোগিতা কাঠামোর আওতায় যৌথ গবেষণা, পেশাগত প্রশিক্ষণ ও অব্যাহত পেশাগত উন্নয়ন কর্মসূচি, সম্মেলন, সিএফও ফোরাম, সেমিনার, নীতি সংলাপ এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পেশাদার হিসাববিদ্যার গুরুত্ব তুলে ধরা এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে পেশাজীবী হিসাববিদদের ভূমিকা নিয়ে যৌথভাবে নীতি-প্রস্তাব উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া সরকারি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে হিসাব পেশার ঐক্য, গ্রহণযোগ্যতা, মর্যাদা ও আন্তর্জাতিক স্বীকৃতি আরও জোরদার করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করে উভয় প্রতিষ্ঠান।





