ক্রয় কমিটির সিদ্ধান্ত
মরক্কো থেকে ৫২৩ কোটি টাকার সার কেনা হচ্ছে

সংগৃহীত ছবি
রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি ন্যুট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় দুটি পৃথক লটে মোট ৬০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৫২২ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার ১৭৫ টাকা।
গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির বৈঠকে এ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ৩০ হাজার টন টিএসপি সার আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২৫৪ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা। প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৬৮৮ মার্কিন ডলার। মরক্কোর ওসিপি ন্যুট্রিক্রপস থেকে এ সার কেনা হবে।
আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মরক্কোর ওসিপি ন্যুট্রিক্রপস থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬৮ কোটি ৫৬ লাখ ৫ হাজার ১৭৫ টাকা। প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৭২৬ দশমিক ৩৩ মার্কিন ডলার।
টিসিবির জন্য স্থানীয় উৎস থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে
এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য স্থানীয় উৎস থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ব্যয় হবে ৮২ কোটি ৫৪ লাখ টাকা। রাজশাহীর নাবিল নবা ফুডস লিমিটেড প্রতি কেজি ৮২ টাকা ৫৪ পয়সা দরে এ ডাল সরবরাহ করবে।
বৈঠক সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনায় মোট ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এক লাখ ৩৯ হাজার ২৭২ মেট্রিক টন ডাল সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভাসহ সারাদেশে টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির জন্য নতুন করে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যমতে, টিসিবির মাসিক কার্যক্রম পরিচালনার জন্য ২০ হাজার টন মসুর ডাল প্রয়োজন হয়। এ চাহিদা পূরণে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ অনুসারে উন্মুক্ত জাতীয় দরপত্র আহ্বান করা হলে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়। দরপত্র মূল্যায়ন শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে নাবিল নবা ফুডসকে নির্বাচনের সুপারিশ করা হয়।




