ব্যবসা সহজ করতে টাস্কফোর্স

ফাইল ছবি
দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ সহজ করতে এবং অপ্রয়োজনীয় নিয়ম ও প্রশাসনিক জটিলতা দূর করতে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে সভাপতি করে গঠিত ২২ সদস্যের এই শক্তিশালী কমিটির বিষয়ে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
টাস্কফোর্সে সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী, উপদেষ্টা, উচ্চপদের কর্মকর্তা এবং দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পরিবেশ, শিল্প, বাণিজ্য এবং আইন মন্ত্রণালয়ের মন্ত্রীদের পাশাপাশি অর্থ, ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টারা। এ ছাড়া বিডার নির্বাহী চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এফবিসিসিআই, ডিসিসিআই, এমসিসিআই, বিজিএমইএ ও বিকেএমইএর সভাপতিরা এর সদস্য হিসেবে কাজ করবেন। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব।
এই টাস্কফোর্স মূলত ব্যবসায়িক সংস্কারের রোডম্যাপ অনুমোদন ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করবে। একই সঙ্গে লাইসেন্স, অনুমোদন, ছাড়পত্র, কর, শুল্ক, ব্যাংকিং, শেয়ারবাজার ও পরিবেশ-সংক্রান্ত সেবার অপ্রয়োজনীয় ধাপগুলো চিহ্নিত করে তা সহজীকরণের নির্দেশনা দেবে। পাশাপাশি সিঙ্গেল উইন্ডো, স্বয়ংক্রিয় অনুমোদন ও অনলাইন ট্র্যাকিং-ব্যবস্থা বাস্তবায়নে এটি নীতিগত দিকনির্দেশনা দেবে এবং আন্তঃমন্ত্রণালয় জটিলতা নিরসনে প্রয়োজনীয় আইন ও বিধিমালা সংশোধনের উদ্যোগ নেবে।
বিনিয়োগকারীদের সেবা নিশ্চিত করতে ‘ইনভেস্ট বাংলাদেশ অথরিটি’র মাধ্যমে একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হবে, যার মাধ্যমে অনিয়ম ও বিলম্ব-সংক্রান্ত যেকোনো অভিযোগ তদারকি এবং নিষ্পত্তি করা হবে। প্রয়োজনে এসব বিষয় সরাসরি টাস্কফোর্সের কাছে উপস্থাপন করা হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় এই টাস্কফোর্স তিন মাসে অন্তত একবার নিজেদের কাজের অগ্রগতি পর্যালোচনা করবে এবং অর্থ বিভাগ তাদের সাচিবিক সহায়তা দেবে।




