হিসাববিজ্ঞান সংখ্যার খেলা নয় আস্থার ভাষা

মোহাম্মদ শামসুর রহমান
অর্থনীতির প্রবৃদ্ধি ও উন্নয়নের আলোচনায় আর্থিক তথ্যের স্বচ্ছতা নিয়ে আলোচনা তুলনামূলক কম হয়। অথচ আর্থিক চিত্র সঠিকভাবে উপস্থাপিত না হলে বিনিয়োগকারীরা আস্থা পান না, ঋণদাতারা ঝুঁকি নেন না এবং নীতিনির্ধারকরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। তাই হিসাববিজ্ঞান শুধু সংখ্যার খেলা নয়, এটি আস্থা ও জবাবদিহির ভাষা।
হিসাববিজ্ঞান শুধু আয়-ব্যয়ের হিসাব রাখা নয়; এটি সিদ্ধান্ত গ্রহণে তথ্য জোগায় ও জবাবদিহি নিশ্চিত করে। পেশাদার হিসাববিদ শুধু তথ্য লিপিবদ্ধকারী নন, তিনি সততার রক্ষক। চাপের মুখেও নির্ভুল তথ্যের পক্ষে অবস্থান নেওয়াই তার দায়িত্ব।
অর্থনীতি সম্প্রসারণের সঙ্গে শেয়ারবাজার, ব্যাংকিং, তৈরি পোশাক ও মাঝারি উদ্যোগে মানসম্মত আর্থিক প্রতিবেদনের গুরুত্ব বাড়ছে। তবে আন্তর্জাতিক নিরীক্ষা মানের প্রয়োগ এবং স্বাধীনতা নিশ্চিত করা এখনো চ্যালেঞ্জ।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিকস হিসাববিজ্ঞানের ধরন বদলে দিচ্ছে। অনেক কাজ যন্ত্রে হলেও বিশ্লেষণ, ঝুঁকি মূল্যায়ন ও কৌশলগত সিদ্ধান্তে হিসাববিদের ভূমিকা বাড়ছে। প্রযুক্তি যত উন্নত হোক, নৈতিকতা ও বিচারবুদ্ধির বিকল্প নেই।
বর্তমানে আর্থিক তথ্যের পাশাপাশি পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন-সংক্রান্ত তথ্যের গুরুত্ব বাড়ছে। প্রতিষ্ঠান কীভাবে মুনাফা করছে এবং পরিবেশে কী প্রভাব ফেলছে, সেটিও বিবেচিত হচ্ছে। একইভাবে ইসলামী ব্যাংকিংয়ে শরিয়াহ পরিপালনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ। কার্যকর শরিয়াহ নিরীক্ষা নিশ্চিত করতে হিসাববিজ্ঞান ও ফিকহে দক্ষ পেশাজীবী তৈরি করতে হবে।
হিসাববিজ্ঞানের শিক্ষায় প্রযুক্তি ও নৈতিকতাকে গুরুত্ব দিতে হবে। নিরীক্ষার মান ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার সমন্বয় প্রয়োজন। একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্য হিসাবের স্বচ্ছতায় প্রতিফলিত হয়। তাই সততা ও পেশাদারিত্ব ধারণ করে একটি স্বচ্ছ অর্থনীতি গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।
লেখক: পরিচালক (অর্থ ও হিসাব), বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)



