‘এএএ’ রেটিং পেল বাংলাদেশ ন্যাশনাল, ইজিএম বাতিল সিটি ব্যাংকের

গ্রাফিকস: আগামীর সময়
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের বিষয়ে পৃথক তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ ও স্বল্পমেয়াদি ‘এসটি-১’ নির্ধারণ করা হয়েছে। সিটি ব্যাংকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) বাতিল করা হয়েছে। আর শাহজালাল ইসলামী ব্যাংকের এক পরিচালক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-১’ নির্ধারণ করেছে। কোম্পানিটির রেটিংয়ের দৃষ্টিভঙ্গি রাখা হয়েছে ‘স্থিতিশীল’।
রেটিং নির্ধারণে ২০২২-২৫ সাল পর্যন্ত কোম্পানির বার্ষিক প্রতিবেদন, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং নির্ধারণের তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য পর্যালোচনা করা হয়েছে।
অন্যদিকে, সিটি ব্যাংক পিএলসির ৪ অক্টোবরের বিশেষ সাধারণ সভা বাতিল করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ইজিএম বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ৪ অক্টোবর বিকাল ৩টায় নির্ধারিত সভাটি আর অনুষ্ঠিত হবে না। তবে ইজিএম বাতিলের কারণ জানায়নি ব্যাংকটি।
এদিকে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক তাহেরা ফারুক ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই জানিয়েছে, ওই পরিচালকের কাছে ব্যাংকটির মোট ৩ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার ৭২৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে ১০ লাখ শেয়ার তিনি পাবলিক মার্কেটে বিক্রি করবেন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করার কথা রয়েছে।



