গ্যাস সংকটে এখনো বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকসের টাইলস উৎপাদন লাইন-৩ এখনো বন্ধ রয়েছে। গ্যাসের চাপ কম থাকায় গত ১৪ অক্টোবর থেকে লাইনটির উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে কোম্পানিটি। পর্যাপ্ত গ্যাসের চাপ না পাওয়া পর্যন্ত লাইনটি চালু করা সম্ভব হচ্ছে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, গত ২৫ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের জন্য টাইলস উৎপাদন লাইন-২ বন্ধ রাখা হয়েছিল। তবে গত ১৯ নভেম্বর থেকে লাইনটির উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
বর্তমানে আরএকে সিরামিকসের টাইলস কারখানার চারটি উৎপাদন লাইনের মধ্যে তিনটি চালু রয়েছে। এগুলো হলো উৎপাদন লাইন-১, লাইন-২ ও লাইন-৪। অর্থাৎ গ্যাস সংকটের কারণে এখনো কারখানার একটি উৎপাদন লাইন বন্ধ রয়েছে।
কোম্পানিটি আরও জানিয়েছে, পর্যাপ্ত গ্যাসের চাপ ফিরে এলে উৎপাদন লাইন-৩ চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে।



