শেয়ারবাজারে মূল্য সংশোধন, কমেছে লেনদেনও

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা ঊর্ধ্বমুখী থাকার পর এদিন বাজার কিছুটা স্বাভাবিক মূল্য সংশোধনের মধ্য দিয়ে গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, অনেক বিনিয়োগকারী তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার কারণে বাজারে কিছুটা বিক্রির চাপ তৈরি হয়েছিল। এর ফলে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ২ হাজার ১৮১ পয়েন্টে নেমে এসেছে।
এদিন ডিএসইতে দিনভর লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৬০টির দর বেড়েছে, ১৮০টির কমেছে এবং ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ক্ষেত্রে ডিএসইতে আজ ১ হাজার ৩৮৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে, যা আগের কার্যদিবসের ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ টাকার চেয়ে ২৮ কোটি ৫৪ লাখ টাকা কম।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অবশ্য সূচকের কিছুটা ইতিবাচক চিত্র দেখা গেছে। সেখানে সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৫০টি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নেওয়ার মধ্যে ১২৯টির দর বেড়েছে, ১০০টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত ছিল। দিনশেষে সিএসইতে মোট ৩০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
মঙ্গলবারের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে দর পতনের শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে এবং এটি ৯২ বারে ৭ লাখ টাকা বাজার মূল্যে ৫ লাখ ৫৩ হাজার ৫০৪টি শেয়ার লেনদেন করেছে। সমপরিমাণ অর্থাৎ ৭ দশমিক ৬৯ শতাংশ দর হারিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স। প্রতিষ্ঠানটি ৬৭ বারে ৯ লাখ টাকা মূল্যে ২ লাখ ৪৭ হাজার ১০১টি শেয়ার লেনদেন করেছে। তৃতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের দর কমেছে ৭ দশমিক ১৪ শতাংশ। এটি ৭০ বারে ৮ লাখ টাকা মূল্যে ৬ লাখ ৬ হাজার ২৪৫টি শেয়ার লেনদেন করে।
দর-পতনের এই তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পিপলস লিজিং, মাইডাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, জেনেক্স ইনফোসিস, জেনারেশন নেক্সট, তুং হাই নিটিং এবং এম এল ডাইং।
অপরদিকে দর বৃদ্ধির তালিকায় সবচেয়ে আকর্ষণীয় অবস্থানে ছিল এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি ১ হাজার ৩০১ বারে ৭৩ লাখ টাকা বাজার মূল্যে ১৭ লাখ ১৮ হাজার ৩০১টি ইউনিট লেনদেন করেছে। তালিকায় ৯ দশমিক ৮১ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ, যা ১ হাজার ১৫৮ বারে ১০ কোটি ৫৯ লাখ টাকার বিনিময়ে ৪৫ লাখ ৭২ হাজার ২৬৩টি শেয়ার লেনদেন করে। তৃতীয় স্থানে থাকা পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ এবং ফান্ডটি ২৮৬ বারে ১ কোটি ৩৮ লাখ টাকার মোট ৪২ লাখ ১১ হাজার ৮৭৫টি ইউনিট লেনদেন করেছে।
এছাড়া দর বৃদ্ধির তালিকায় আরও জায়গা করে নিয়েছে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, আইএফআইসি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ।
টাকার অঙ্কে লেনদেনের দিক থেকে এদিন ডিএসইর শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। যার মোট ৫০ কোটি ২৩ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা মালেক স্পিনিংয়ের লেনদেনের পরিমাণ ছিল ৪৬ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকা এবং ৩২ কোটি ৩৫ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
লেনদেনের এই শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, আইটি কনসালটেন্টস লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।





