আমরা টেকনোলজিসের লোকসানে বড় ধাক্কা

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজিসের চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৯০ শতাংশ। বিক্রি উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় কোম্পানিটির ইপিএসসহ প্রধান আর্থিক সূচকগুলোয় নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এই লোকসানের পরিমাণ ছিল ৯৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৮৭ পয়সা বা ৯০ শতাংশ।
কোম্পানির দেওয়া তথ্যমতে, বিক্রি বা আয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ইপিএসসহ সব প্রধান আর্থিক সূচকেই নেতিবাচক প্রভাব পড়েছে। একই সময়ে পরিচালন ব্যয় ও সরবরাহকারীদের পাওনা পরিশোধের পরিস্থিতি আগের বছরের তুলনায় অনুকূলে থাকলেও নগদ অর্থ সংগ্রহ উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি অর্থায়ন ব্যয় বেড়ে যাওয়ায় নগদ প্রবাহেও বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে।
তৃতীয় প্রান্তিকেও বেড়েছে লোকসান
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩৩ পয়সা। ফলে এ সময়ে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৩২ পয়সা বা প্রায় ৯৭ শতাংশ।
এর আগে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৬৭ পয়সা। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) লোকসান হয়েছিল ৫২ পয়সা।
ফলে চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকের প্রতিটিতেই লোকসান করেছে আমরা টেকনোলজিস।
এদিকে গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬২ পয়সায়।



