মিউচুয়াল ফান্ডের দাপট

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার ক্ষেত্রে একচ্ছত্র দাপট দেখিয়েছে মিউচুয়াল ফান্ড খাত। ফান্ডগুলোর প্রতি বিনিয়োগকারীদের চমকপ্রদ আগ্রহের কারণে এক দিনেই লেনদেনের পরিমাণ এক হাজার ২৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে মিউচুয়াল ফান্ডগুলোর এই চাঙ্গাভাব বাজারকে ইতিবাচক গতি দিলেও বড় মূলধনী কোম্পানিগুলোর দরপতনের কারণে দিনশেষে সূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে।
রবিবার লেনদেনের শুরুতেই একাধিক মিউচুয়াল ফান্ড সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। দিনভর খাতটির এই ঊর্ধ্বমুখী গতি বজায় থাকলেও অন্য খাতের বেশিরভাগ বড় প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমতে থাকে। ফলে দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে অন্য দুই সূচকের মধ্যে ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ২১৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে সব খাত মিলে ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে কমেছে ১৪৯টির এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে। তবে সবচেয়ে ইতিবাচক চিত্র ছিল মিউচুয়াল ফান্ডে—খাতটির দাম বাড়ার তালিকায় থাকা ৩২টি ফান্ডের বিপরীতে কমেছে মাত্র একটির এবং অপরিবর্তিত ছিল একটির দাম।
এছাড়া ভালো লভ্যাংশ দেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৫টির শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে ৮৬টির কমেছে এবং ১১টির অপরিবর্তিত রয়েছে। লভ্যাংশ না দেওয়া ‘জেড’ গ্রুপের ৫৫টি কোম্পানির দাম বেড়েছে, বিপরীতে ৩৯টির কমেছে এবং ২৭টির দাম অপরিবর্তিত ছিল।
বাজারের এই ঊর্ধ্বমুখী গতির প্রভাব পড়েছে লেনদেনেও। ডিএসইতে মোট ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২১৪ কোটি ১৯ লাখ টাকা বেশি। টাকার অঙ্কে ৪১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে শীর্ষ অবস্থান ধরে রেখেছে মালেক স্পিনিং। এছাড়া শীর্ষ তালিকায় ওপরের দিকে ছিল এসিআই ফর্মুলেশনস ও এশিয়াটিক ল্যাবরেটরি।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৩ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ২২র্থ প্রতিষ্ঠানের মধ্যে ১২৭টির দর বেড়েছে, ৬৬টির কমেছে এবং ৩৪টির দাম অপরিবর্তিত ছিল। তবে বাজারটিতে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমে দাঁড়িয়েছে ৯ কোটি ৮২ লাখ টাকায়।




