তিন লাক্স সুন্দরীকে নিয়ে ‘ক্যাফে আমব্রেলা’

বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলাম
‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর শীর্ষ তিন বিজয়ী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামকে নিয়ে ওয়েব ফিল্ম নির্মাণ করছেন নির্মাতা শিহাব শাহীন। ‘ক্যাফে আমব্রেলা’ নামের এই ওয়েব ফিল্মের শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। ঢাকা ও আশপাশের বিভিন্ন লোকেশনের পাশাপাশি দেশের কয়েকটি জেলাতেও এর দৃশ্যধারণ হবে। সিনেমাটির প্রায় ৫০ শতাংশ শুটিং শেষ হয়েছে। ১ আগস্ট থেকে শুরু হওয়া ফিল্মটির শুটিং ১৫ আগস্টের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। মাঝখানে তিন দিনের বিরতি থাকায় মোট ১২ দিন শুটিং হবে।
‘ক্যাফে আমব্রেলা’র তিনটি আলাদা গল্প পাশাপাশি এগিয়ে যাবে এবং গল্পের একপর্যায়ে সেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হবে। তিন তরুণ-তরুণী, তাদের পরিবার, সম্পর্ক, ভালোবাসা ও আবেগকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে ওয়েব ফিল্মটি।
ওয়েব ফিল্মটিতে তিন লাক্স সুন্দরীর বিপরীতে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, পার্থ শেখ ও আরেফিন জিলানী। এছাড়াও রয়েছেন সাবেরী আলম, শিরিন আলম, সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিম।।
নতুন তিন অভিনয়শিল্পীকে ক্যামেরার সামনে আনার আগে তাদের প্রস্তুতিতেও বিশেষ গুরুত্ব দিয়েছেন শিহাব শাহীন। অভিনয়ের জন্য তাদের নিয়ে করা হয়েছে ১৫ দিনের বিশেষ কর্মশালা। চরিত্রের ধরন, চরিত্রের বিস্তারিত বিশ্লেষণ, চরিত্র নির্মাণ, অভিনয়ের কৌশল ও দৃশ্যের প্রস্তুতি— সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন তারা। শিহাব শাহীন বললেন, ‘চরিত্রের আর্ট থেকে শুরু করে চরিত্রের বিস্তারিত, চরিত্র বিল্ডআপ এবং অভিনয়— সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়ার মধ্য দিয়ে ওরা গেছে। শুটিংয়ে এখন তার ফল পাচ্ছি। ওরা খুবই আন্তরিকভাবে চেষ্টা করছে।’
নতুন তিন অভিনয়শিল্পীর সম্ভাবনা নিয়েও আশাবাদী নির্মাতা। তিনি বললেন, ‘এদের প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা আছে। আমি কাউকে আলাদা করে বলতে চাই না। তবে আমার মনে হয়, অন্তত একজন তো দীর্ঘ দৌড় দেবে। বাকিদেরও প্রত্যেকেরই কোনো না কোনো সম্ভাবনা আছে।’
নতুনদের সঙ্গে কাজের ক্ষেত্রে অভিজ্ঞ শিল্পীদের সহযোগিতাও পাচ্ছেন নির্মাতা। শিহাবের ভাষায়, ভালো কাজের জন্য সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন।
এর আগে ‘লাক্স’ বিজয়ীদের নিয়ে নির্মিত হয়েছে ‘দারুচিনি দ্বীপ’ ও ‘আমার আছে জল’-এর মতো চলচ্চিত্র। এবার সেই ধারাবাহিকতায় নতুন তিন লাক্স সুন্দরীকে নিয়ে ‘ক্যাফে আমব্রেলা’। মুক্তি পাওয়ার কথা রয়েছে আইস্ক্রিনে।




