সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার দেশের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান হয়েছে। মূল্যসূচকের পাশাপাশি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের গতিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রায় সাড়ে তিন মাস পর ডিএসইতে এক দিনে ১ হাজার ২০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এবং প্রধান সূচক বেড়েছে ৫০ পয়েন্টের বেশি।
গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকায় সূচক ঊর্ধ্বমুখী হয়। দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএসই-৩০’ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০০ পয়েন্টে এবং ‘ডিএসই শরিয়াহ’ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দাম।
সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনেও বড় উল্লম্ফন ঘটেছে। গতকাল বাজারটিতে মোট ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের (৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা) তুলনায় ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা বেশি। এর আগে গত ২ আগস্ট ডিএসইতে সর্বোচ্চ ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছিল।



