ব্লু-ওয়েলথ ফার্স্ট ফান্ডের খসড়া প্রসপেকটাস অনুমোদন

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে নতুন একটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের যাত্রায় অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্লু-ওয়েলথ ফার্স্ট স্ট্যাবল রিটার্ন ফান্ড নামে ফান্ডটির খসড়া প্রসপেকটাস ও সারসংক্ষেপ অনুমোদন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৯তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড ৩ কোটি টাকা দিয়েছে। বাকি ২৭ কোটি টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড।
এছাড়া বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি) এবং কাস্টডিয়ান হিসেবে থাকবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।
বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন এই বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড চালু হলে বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজারে বৈচিত্র্যময় বিনিয়োগের আরেকটি সুযোগ তৈরি হবে।




