চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা, লোকসানেও দিচ্ছে তিনটি

গ্রাফিকস: আগামীর সময়
শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে এমবি ফার্মা ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে বিডি থাই ফুড, ইন্দো-বাংলা ফার্মা ও একমি পেস্টিসাইডস নামমাত্র নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিডি থাই অ্যালুমিনিয়াম কোনো লভ্যাংশ দেবে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এমবি ফার্মার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ১ টাকা করে লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা। ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।
বিডি থাই ফুডের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ পাওয়া যাবে ১ পয়সা। অথচ আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ২ পয়সা লোকসান হয়েছে। ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৩৯ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৬ ডিসেম্বর।
ইন্দো-বাংলা ফার্মা শেয়ারহোল্ডারদের জন্য ০.১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ পাওয়া যাবে দেড় পয়সা। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে মাত্র ১ পয়সা। ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৭৩ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
অন্যদিকে, একমি পেস্টিসাইডস ০.০২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে ১০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ পাওয়া যাবে ২ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৬৪ পয়সা লোকসান হয়েছে। ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৭৭ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৩ ডিসেম্বর।
এদিকে বিডি থাই অ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।



