কো-রোর বাংলাদেশের শেয়ার কিনবে এসিআই

লোগো
যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডের শেয়ার কিনবে শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এসিআই পিএলসি। প্রতিষ্ঠানটির অপর শেয়ারহোল্ডার কো-রো এ/এসের কাছ থেকে ২ লাখ ৩৬ হাজার ৯৬৯টি শেয়ার কিনবে কোম্পানিটি। এতে ব্যয় হবে ৯৪ লাখ ১৭ হাজার টাকার বেশি।
আজ রবিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, গত ১২ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৩৪তম সভায় এ শেয়ার কেনার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা হলেও কেনা হবে ৩৯ টাকা ৭৪ পয়সা দরে।
২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটির নিট সম্পদমূল্য হিসাব করে শেয়ারপ্রতি এ দাম নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে শেয়ার কেনায় এসিআইয়ের ব্যয় হবে ৯৪ লাখ ১৭ হাজার ১৪৮ টাকা ৬ পয়সা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ লেনদেন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৩২তম সভায় এসিআই-ইচিনেন বাংলাদেশ লিমিটেড নামে একটি যৌথ উদ্যোগের কোম্পানি গঠনের অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৫ কোটি টাকা।
প্রস্তাবিত কোম্পানিতে এসিআই ৬০ শতাংশ শেয়ার ধারণ করবে। অর্থাৎ ১৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের মধ্যে এসিআইর বিনিয়োগ হবে ৯ কোটি টাকা। তবে কোম্পানি গঠন ও বিনিয়োগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
এদিকে, একই সভায় এসিআইর বিদ্যমান যৌথ উদ্যোগ এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডে আরও ৬০ কোটি টাকা ইক্যুইটি বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এই বিনিয়োগও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে করা হবে।



