লভ্যাংশ বিতরণে ব্যাপক অনিয়ম
অর্থদণ্ড ১০ কোম্পানির পর্ষদকে
- কৃষিবিদ সিড
- মামুন অ্যাগ্রো প্রোডাক্টস
- বিডি পেইন্টস
- অ্যাসোসিয়েটেড অক্সিজেন
- অ্যাডভেন্ট ফার্মা
- জেনেক্স ইনফোসিস
- সাফকো স্পিনিং মিলস
- প্যাসিফিক ডেনিমস
- ওরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ
- লুব-রেফ (বাংলাদেশ)

গ্রাফিকস: আগামীর সময়
শেয়ারহোল্ডারদের ঘোষিত লভ্যাংশ নির্ধারিত সময়ে পরিশোধ না করা এবং নির্দেশনা অমান্যের অভিযোগে তালিকাভুক্ত ১০ কোম্পানির পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অর্থদণ্ড করেছে বিএসইসি। জরিমানার অঙ্ক ২৯ কোটি টাকার বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি লুব-রেফকে জরিমানা করা হয় ১৪ কোটি ১০ লাখ টাকা। সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পৃথক আদেশ জারি করেছে। বিএসইসির সূত্রে পাওয়া গেছে এ তথ্য।
এ আদেশ পালনে ব্যর্থ হলে কোম্পানির সংশ্লিষ্ট প্রত্যেকের ওপর প্রতিদিন অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা হবে বলে বিএসইসির নির্দেশে বলা হয়েছে।
সূত্রমতে, দায়ী কোম্পানিগুলো লভ্যাংশ বিতরণে ব্যর্থতার পাশাপাশি বাধ্যতামূলক প্রতিবেদন দাখিল করেনি। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে চিঠি দেওয়ার পর একাধিক কোম্পানির কাছ থেকে কোনো জবাব পায়নি কমিশন।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, শেয়ারহোল্ডারদের নির্ধারিত সময়ে লভ্যাংশ পরিশোধ না করার কোম্পানিগুলো পর্ষদকে অর্থদণ্ড আরোপ করে কমিশন।
সূত্রমতে, সংশ্লিষ্ট পর্ষদের কমপক্ষে ৫০ জন দণ্ডিত হয়েছেন ব্যক্তিগত দায় থাকায়।
জানা গেছে, নিয়ম অনুযায়ী ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের অধিকাংশ কোম্পানি মুনাফা করেছে। কিন্তু আইন অনুযায়ী নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে নির্ধারিত সময়ে পরিশোধ করা হয়নি। অবশ্য এক্ষেত্রে বিএসইসির নির্দেশনা আছে— নগদ লভ্যাংশ ঘোষণার ১০ দিনের মধ্যে সমপরিমাণ অর্থ পৃথক ব্যাংক হিসাবে রাখার। আর এজিএমে অনুমোদনের ৩০ দিনের মধ্যে তা শেয়ারহোল্ডারদের পরিশোধ করা। কিন্তু এ নির্দেশের ব্যত্যয় ঘটলে সিকিউরিটিজ আইন লঙ্ঘন ও বাজার কারসাজির শামিল বলে গণ্য হবে— এমন বিধান আছে কমিশনের। ফলে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের ঝুঁকিও রয়েছে।
যে ১০ কোম্পানিকে অর্থদণ্ড করা হয়, এর মধ্যে লুব-রেফের চেয়ারম্যান রুবিয়া নাহার, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক মোহাম্মদ ইউসুফ এবং পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফ, ড. ইসরাত জাহান, আহমেদ হোসেন ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. ইমরান আজাদের নাম রয়েছে। তাদের প্রত্যেককে ২ কোটি ৩৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।
এ ছাড়া অ্যাসোসিয়েটেড অক্সিজেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইসমত জাহান এবং পরিচালক ফাহিম চৌধুরী ও আজমাইন মাহতাব চৌধুরীকে অভিযুক্ত করা হয়েছে। কমিশন তাদের প্রত্যেককে জরিমানা করেছে প্রায় ২ কোটি টাকা করে। একইভাবে ৯৭ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে বিডি পেইন্টসের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মীম, ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল খান ও পরিচালক মো. মারুফুল ইসলাম তারুণকে।
কমিশনের তথ্যমতে, জরিমানার আওতায় আনা হয় ওরিজা অ্যাগ্রোর চেয়ারম্যান মালিহা খালেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেদুল ইসলাম এবং পরিচালক এম আজহার রহমান ও নিবরাস উল্লাহ সিদ্দিকীকেও। তাদের প্রত্যেককে ৪৭ লাখ টাকা করে অর্থদণ্ড গুনতে হবে।
অন্যদিকে কৃষিবিদ সিডের চেয়ারম্যান ড. আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোহাম্মদ তসলিম রেজা এবং পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, অধ্যাপক ড. আবদুল হামিদ, ড. মো. শাহজাহান, মো. ইব্রাহিম খলিল ও তাসলিমা ইয়াসমিনকে প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।
সূত্রমতে, সর্বোচ্চ ২০ লাখ থেকে ১ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা হয়েছে পাঁচটি কোম্পানির পরিচালনা পর্ষদকে। দায়ীরা হলেন সাফকো স্পিনিং মিলসের চেয়ারম্যান সৈয়দ এ কে এম সালিম, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ বি এম হুমায়ুন ও পরিচালক সৈয়দ সাকেব আহমেদকে। মামুন অ্যাগ্রো প্রোডাক্টসের চেয়ারম্যান নাসরিন জাহান মামুন, ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ এবং পরিচালক তাসনিম তামান্না ও তাবাসসুম জান্নাত নোভাকে। প্যাসিফিক ডেনিমসের চেয়ারম্যান মো. শাদেকুর আলম ইয়াসিন, ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজম (মহসিন) এবং পরিচালক মো. সোহেল খান ও এম এ কামাল ভূঁইয়া।
এ ছাড়া অ্যাডভেন্ট ফার্মার চেয়ারম্যান আসিফ ইকবাল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া বিনতে আলম এবং পরিচালক ওয়াজহি আহমেদ, কাজী রিনা আলম, মো. তাজুল ইসলাম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও খন্দকার সাগীর আহমেদ এবং জেনেক্স ইনফোসিসের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, প্রিন্স মজুমদার, ওরাকল সার্ভিসেস পিএলসি ও নিলুফার ইমাম, কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং প্রধান আর্থিক কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ এ তালিকায় আছেন।



