ডিএসইর এজিএম নাসিরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নাসির উদ্দিন রেজা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এজিএম নাসির উদ্দিন রেজার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন ডিএসইর সদ্য চাকরিচ্যুত কর্মী মরিয়ম আক্তার টিনা। এ বিষয়ে খিলক্ষেত থানার সাধারণ ডায়েরি করেছেন তিনি।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালে ডিএসইর মনিটরিং বিভাগে কর্মরত থাকাকালীন তৎকালীন সুপারভাইজার নাসির রেজা তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি ও উত্ত্যক্ত করা শুরু করেন। অসময়ে বার্তা পাঠানো, ভিডিও কল দেওয়া এবং পরোক্ষ ইঙ্গিত দেওয়ার পর একপর্যায়ে অফিস ক্যান্টিনের সামনে তাকে সরাসরি অনৈতিক প্রস্তাব দেন।
বিষয়টি তৎকালীন বিভাগীয় প্রধান (বর্তমানে অ্যাক্টিং সিআরও) শফিকুল ইসলাম ভূঁইয়াকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। বাধ্য হয়ে তৎকালীন সিআরও জিয়াউল হাসান খানের কাছে মৌখিক অভিযোগ জানালে তিনি ঘটনার সত্যতা বিবেচনা করে নাসির রেজা ও শফিকুল ইসলাম ভূঁইয়াকে ডেকে সতর্ক করেন। এরপর থেকে নাসির রেজা প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন।
এতে আরও উল্লেখ রয়েছে, পরবর্তী সময়ে নাসির রেজা প্রভাবশালী মহল ও প্রশাসনিক সহায়তায় মানবসম্পদ বিভাগে (এইচআর) বদলি হয়ে আসেন। সেই পদের সুযোগ নিয়ে কোনো কারণ দর্শানো বা সতর্কবার্তা ছাড়াই কেবল প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে ছাঁটাই তালিকায় মরিয়ম আক্তারের নাম যুক্ত করা হয়।
এ বিষয়ে মরিয়ম টিনা বলেছেন, ‘একজন সিঙ্গেল মাদার হিসেবে ঢাকা শহরে সন্তান নিয়ে বেঁচে থাকার লড়াইয়ে আমার চাকরিটিই ছিল একমাত্র সম্বল। কাজের কোনো ত্রুটি ছাড়া কেবল কর্মক্ষেত্রে যৌন হয়রানির প্রতিবাদ করায় আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, যা মানবধিকার ও শ্রম আইনের চরম লঙ্ঘন।’
তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, মানবিক ও ন্যায্যতার ভিত্তিতে চাকরি পুনর্বহাল এবং ডিএসইতে নারী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
যৌন হয়রানির অভিযোগের বিষয়ে জানতে নাসির উদ্দিন রেজাকে ফোন দিলে তিনে সাড়া দেননি। ক্ষুদে বার্তা পাঠালেও কোনো উত্তর দেননি।







