স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার

গ্রাফিকস: আগামীর সময়
দেশের স্টক এক্সচেঞ্জে সরকারি, বেসরকারি ও বহুজাতিক কোম্পানির সরাসরি তালিকাভুক্তির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ফলে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সরাসরি তালিকাভুক্তির সুযোগ তৈরি হলো।
সোমবার (৫ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. মামুনুর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারের টেকসই উন্নয়নের স্বার্থে সরকারি, বেসরকারি মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানিগুলোকে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৯ আগস্ট ২০২৬ তারিখের ডিও পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুঁজিবাজারের টেকসই উন্নয়নের স্বার্থে সরাসরি তালিকাভুক্তির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে উদ্যোগ নিয়েছিল বিএসইসি। এরপরই এলো এ সিদ্ধান্ত।
সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সরকারি ও বেসরকারি খাতের বড় কোম্পানিগুলোর পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির পথ সহজ হতে পারে। এর মাধ্যমে পুঁজিবাজারে নতুন ও বড় কোম্পানি যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে এবং বাজারের গভীরতা বাড়াতে এটি ভূমিকা রাখতে পারে।



