সেমিনারে বক্তারা
প্রতারণা বন্ধ হলে সুরক্ষিত হবেন বিনিয়োগকারীরা

শেয়ারবাজারে প্রতারণা বন্ধ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বাজারসংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বক্তারা। তাদের মতে, প্রতারণার ঘটনা ঘটলে শুরুতেই তা প্রতিরোধ করতে হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানো এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
রবিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মাল্টিপারপাস হলে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বিআইসিএম ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম বলেছেন, এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রতিপাদ্য বাংলাদেশের শেয়ারবাজারের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বাজারসংশ্লিষ্ট সব পক্ষকে প্রহরীর ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের প্রতারণা দেখা দিলে শুরুতেই তা বন্ধ করার উদ্যোগ নিতে হবে। প্রতারণা বন্ধ করা গেলে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত হবে।
সেমিনারে ‘স্মার্ট বিনিয়োগ: বিনিয়োগকারীদের সচেতনতা, বাজারের স্বচ্ছতা ও প্রতারণা প্রতিরোধ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান।
বিশেষ অতিথির বক্তব্যে বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খান বলেছেন, শেয়ারবাজারে বিনিয়োগের আগে ভালোভাবে বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে। অন্যের কথায় বিনিয়োগ না করে নিজের অর্থের বিষয়ে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ, বিনিয়োগকারীর অর্থ তার নিজের। অন্যের সিদ্ধান্ত অনুসরণ করলে আর্থিক ক্ষতির ঝুঁকি বাড়তে পারে।
সেমিনারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বাজারের স্বচ্ছতা নিশ্চিত করা এবং ডিজিটাল প্রতারণা প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা মনে করেন, বিনিয়োগকারীদের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর নজরদারি প্রয়োজন।
আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) উদ্যোগে বিশ্বজুড়ে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’। এর বৈশ্বিক স্লোগান ‘আপনার ভবিষ্যতে বিনিয়োগ করুন, আজই এটিকে সুরক্ষিত করুন’। এ প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সেমিনারটির আয়োজন করা হয়।
সেমিনারে বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ প্রতিষ্ঠান দুটির অনুষদ সদস্য, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।




