সেপ্টেম্বরে দেশে এলো ২.৭৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স

গ্রাফিকস: আগামীর সময়
বিদায়ী সেপ্টেম্বর মাসে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। স্থানীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ৩৪ হাজার ২১ কোটি ৮০ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের এই রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বা ৮ কোটি ডলার বেশি। গত অর্থবছরের সেপ্টেম্বর মাসে দেশে ২৬৮ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসের (জুলাই থেকে সেপ্টেম্বর) সার্বিক চিত্রে দেখা যায়, দেশে মোট ৮৫৯ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের প্রথম তিন মাসে এর পরিমাণ ছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে তিন মাসের হিসাবে রেমিট্যান্স বেড়েছে ১৩.৩০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার এবং আগস্টে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫.৫৮ বিলিয়ন ডলার এবং ২০২৪-২৫ অর্থবছরে ৩০.৩২ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছিল।



