বিদ্যুৎ নেটওয়ার্ক উন্নয়নে ২০ কোটি ডলার দিচ্ছে এডিবি

রাজধানীর শহরতলী এলাকায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা
এই অর্থে ব্যবসা ও আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুৎ সরবরাহের নিভর্রযোগ্যতা, দক্ষতা ও স্থিতিশীলতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের জন্য এডিবির পরিচালনা পর্ষদের ঋণ অনুমোদনের খবর আজ বুধবার সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ বাস্তবায়নে ঋণে অর্থ ব্যয় করা হবে। এর ফলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুৎ বিতরণ অবকাঠামো উন্নত হবে। ঢাকার আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকায় এসব সমিতি বিদ্যুৎ সরবরাহ করে।
বাংলাদেশে এডিবির আবাসিক প্রতিনিধি ছিংফেং ঝাং বলেন, ‘বাংলাদেশ আরও সমৃদ্ধ, স্থিতিশীল ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আধুনিক বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক এর প্রয়োজন। কেননা অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশ। ফলে ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ উদ্যোগের আওতায় বাস্তবায়িতব্য এ প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত চাপের সাবস্টেশন, পুরোনো অবকাঠামো, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণে ক্ষতি এবং প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হবে।’
এডিবির ঋণের পাশাপাশি এই প্রকল্পে বাংলাদেশ সরকারের ১০৭ দশমিক ৯৫ মিলিয়ন ডলার এবং বিআরইবির ১৪১ দশমিক ৩৯ মিলিয়ন ডলার অর্থায়ন থাকবে। এ ছাড়া কোরিয়া সরকারের ই-এশিয়া অ্যান্ড নলেজ পার্টনারশিপ ফান্ড থেকে এডিবির মাধ্যমে ১ মিলিয়ন ডলারের কারিগরি সহায়তা দেওয়া হবে।



