চামড়া ও চামড়াজাত পণ্য মেলা শুরু আজ

সংগৃহীত ছবি
দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে আজ বুধবার শুরু হয়ে মেলা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
রাজধানীর তেজগাঁওয়ে বিসিকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠান তাদের তৈরি চামড়া এবং চামড়াজাত পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। দর্শনার্থীরা মেলায় বিভিন্ন ধরনের আকর্ষণীয় চামড়াজাত পণ্য কেনার সুযোগ পাবেন।
জানা গেছে, আজ বেলা ৩টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে। শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী এ মেলার উদ্বোধন করবেন।
বিসিক জানিয়েছে, মেলায় চামড়ার তৈরি বিভিন্ন পণ্যের পাশাপাশি চামড়াজাত ব্যাগ, জুতা, মানিব্যাগসহ বিভিন্ন ব্যবহার্য ও ফ্যাশনপণ্য প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে দেশীয় উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।



