দুর্যোগ মোকাবিলাই হবে ভবিষ্যতের বীমা
- আইডিআরএ চেয়ারম্যান

সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশে প্রচলিত বীমা ব্যবস্থার পাশাপাশি নতুন ধারার বীমা পণ্য চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বন্যা, খরা ও তীব্র তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ‘প্যারামেট্রিক বীমা’র ওপর বিশেষ জোর দিচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ ধরনের বীমা পণ্যের নকশা, ক্ষয়ক্ষতি নির্ধারণের সূচক এবং তথ্যের উৎসের ক্ষেত্রে একটি অভিন্ন মানদণ্ড বা নীতিমালা তৈরি করবে সংস্থাটি।
গতকাল সোমবার আয়োজিত এক কর্মশালায় আইডিআরএ চেয়ারম্যান জানিয়েছেন, বিশ্বব্যাপী সফলভাবে ব্যবহৃত জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলার বীমা পণ্যগুলো বাংলাদেশে চালুর লক্ষ্যে সরকার, উন্নয়ন সহযোগী ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করছে।
তিনি উল্লেখ করেছেন, বিশ্বব্যাংকের সহায়তায় ‘যমুনা সাসটেইনেবল রিভার’ প্রকল্পের আওতায় তিন বছর মেয়াদি প্যারামেট্রিক বন্যা বীমার একটি পাইলট প্রকল্প চলমান রয়েছে। এক বছরের বেশি সময় ধরে চলা এ কার্যক্রম থেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জিত হচ্ছে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও যেন এ উদ্যোগের সুফল ধরে রাখা যায়, সেজন্য আইডিআরএ পণ্য নকশা, দুর্যোগের মাত্রা পরিমাপের সূচক (ট্রিগার) এবং তথ্য সংগ্রহের উৎসের মান নির্দিষ্ট করে দেবে। এর ফলে ভবিষ্যতে বেসরকারি বীমা কোম্পানিগুলো সহজেই এ পণ্য বাজারে আনতে পারবে এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি তহবিলের আওতায়ও এর পরিধি বাড়ানো সম্ভব হবে।
প্রচলিত বীমায় ক্ষয়ক্ষতি সরেজমিনে নিরূপণ করে দাবি পরিশোধ করা হয়, যা সময়সাপেক্ষ। কিন্তু প্যারামেট্রিক বীমায় দুর্যোগের পূর্বনির্ধারিত বৈশিষ্ট্য বা নির্দিষ্ট সূচককে ভিত্তি ধরে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হয়। উদাহরণস্বরূপ, বন্যার ক্ষেত্রে নদীর পানির উচ্চতা একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে ক্ষতিপূরণ নির্ধারিত হয়। বর্তমানে যমুনা প্রকল্পে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য ব্যবহার করা হচ্ছে।
নতুন বীমা পণ্য উদ্ভাবন ও যাচাই-বাছাইয়ের জন্য আইডিআরএ একটি ‘রেগুলেটরি স্যান্ডবক্স’ গঠন করেছে বলেও জানিয়েছেন চেয়ারম্যান। এর আওতায় প্যারামেট্রিক তাপপ্রবাহ (হিটওয়েভ) বীমাসহ জলবায়ুসংক্রান্ত বিভিন্ন নতুন পণ্য পরীক্ষামূলকভাবে যাচাই করা হবে। কার্যকারিতা ও সুবিধা-অসুবিধা পর্যালোচনার পর চূড়ান্ত মানদণ্ড ঠিক করে সেগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে। তিনি আরও জানিয়েছেন, সংস্থাটি এখন শুধু নিয়ন্ত্রণমূলক কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে নতুন পণ্য উদ্ভাবন ও বীমা খাতের সামগ্রিক উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছে। নতুন এ বীমা ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা তৈরি, সঠিক তথ্য প্রচার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেছেন আইডিআরএ চেয়ারম্যান।



