অস্বাভাবিক মজুরিতে ১০ লাখ বেকারত্বের শঙ্কা বিজিএমইএর
- বোর্ডে আজ প্রস্তাব দেবে মালিকপক্ষ

গ্রাফিকস: আগামীর সময়
ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক হবে আজ সোমবার। এতে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব জমা দেবে তৈরি পোশাক খাতের মালিকপক্ষ। দেশের অর্থনৈতিক বাস্তবতা, শিল্পের সক্ষমতা ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এ মাসের মধ্যেই চূড়ান্ত হতে পারে নতুন বেতন কাঠামো। মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার থেকে ১৬ হাজার টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিতে পারে বলে জানা গেছে।
পোশাক খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান আগামীর সময়কে বললেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা ও শিল্পের সীমাবদ্ধতা বিবেচনায় রেখে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা ও দাম কমেছে, অন্যদিকে বেড়েছে উৎপাদন ব্যয়। এ পরিস্থিতিতে বড় অঙ্কের মজুরি বাড়লে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ও কর্মসংস্থানের ওপর চাপ সৃষ্টি করতে পারে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সংগঠনটির সদস্যভুক্ত ১ হাজার ৭৮টি কারখানা ১০ মিলিয়ন ডলারের কম রপ্তানি করেছে। এসব কারখানা সংগঠনটির মোট সদস্যের প্রায় ৫৭ শতাংশ। এ ছাড়া ২১ শতাংশ কারখানা ১০ মিলিয়ন থেকে ২৫ মিলিয়ন ডলারের মধ্যে রপ্তানি করেছে। অর্থাৎ বিজিএমইএর প্রায় ৭৮ শতাংশ কারখানা ছোট ও মাঝারি শ্রেণির, যাদের আর্থিক সক্ষমতা তুলনামূলক কম।
এসব কারখানার সঙ্গে কয়েক লাখ শ্রমিকের কর্মসংস্থান জড়িত। বিজিএমইএর হিসাব অনুযায়ী, সর্বনিম্ন মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণ করা হলে ছোট কারখানাগুলো গড়ে প্রায় ০.৩ থেকে ০.৫ শতাংশ লোকসানে পড়তে পারে। এতে এসব কারখানা বন্ধ হওয়ার ঝুঁকি সৃষ্টি হবে এবং প্রায় ১০ লাখ শ্রমিক কর্মসংস্থান হারাতে পারেন।
২০২৩ সালের মজুরি কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডের একজন শ্রমিকের (হেলপার, থ্রেড কাটার ও লাইন সহকারী) মাসিক মোট মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তবে ওভারটাইমসহ অন্যান্য সুবিধা যোগ হলে তার হাতে পাওয়া অর্থ দাঁড়ায় প্রায় ১৯ হাজার ৫২০ টাকা। প্রথম গ্রেডের শ্রমিকের ক্ষেত্রে এই অর্থ প্রায় ২৩ হাজার ৬৬০ টাকা। সব গ্রেডের শ্রমিকের গড় হাতে পাওয়া মজুরি প্রায় ২২ হাজার ৫১ টাকা।
নতুন মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা— উভয় দিক বিবেচনায় নেওয়ার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। এজন্য শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে বড় পরিসরে জরিপ পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
সিপিডির মতে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লিখিত জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও ব্যবসার সক্ষমতার মতো বিষয় বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করা প্রয়োজন।
বার্ষিক মজুরি বৃদ্ধি প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়েছে। এতে কর্মরত শ্রমিকদের মজুরি বেড়েছে। তবে বার্ষিক মজুরি বৃদ্ধি ও নতুন শ্রমিকের জন্য নির্ধারিত সর্বনিম্ন মজুরি এক বিষয় নয়। বর্তমান কাঠামোয় নতুন শ্রমিকের প্রবেশকালীন সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা। বার্ষিক ইনক্রিমেন্টের ফলে বিদ্যমান শ্রমিকদের মজুরি বাড়লেও নতুন শ্রমিকের প্রাথমিক মজুরির অঙ্ক অপরিবর্তিত রয়েছে।
পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনায় মজুরি প্রস্তাব তৈরিতে শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয়, সুদের হার, রপ্তানিমূল্য ও যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছে সিপিডি। এ কারণে একটি নির্দিষ্ট মজুরির অঙ্কের পরিবর্তে মজুরির একটি পরিসর প্রস্তাব করা হয়েছে। মৌলিক চাহিদাভিত্তিক মজুরি ওই পরিসরের নিম্নসীমা নির্ধারণ করবে, আর শ্রমিকদের মজুরি দেওয়ার সক্ষমতা নির্ধারণ করবে ঊর্ধ্বসীমা।
মজুরি বৃদ্ধির পক্ষে থাকলেও ভাঙচুর, সহিংসতা ও অস্থিরতার সমর্থন করে না সিপিডি। সংস্থাটির মতে, এসব কর্মকাণ্ডে শ্রমিক ও শিল্প উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে জ্বালানি সংকট, উচ্চ সুদের হার কিংবা দুর্নীতির মতো শাসনগত সমস্যার দায় কম মজুরির মাধ্যমে শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এসব সংকটের সমাধান আলাদাভাবে খুঁজতে হবে।
গত ৯ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। প্রস্তাবে গ্রেড-১ শ্রমিকের মজুরি ৪৮ হাজার, গ্রেড-২-এর ৪৩ হাজার, গ্রেড-৩-এর ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর ৩২ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।
এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল রবিবারও গাজীপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের কারণে ৬৩টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। এর মধ্যে শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারায় ২৮টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও প্রায় ৩৫টি কারখানায় উৎপাদন চালানো সম্ভব হয়নি।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়া এলাকার ৩০টি কারখানা এ পরিস্থিতির প্রভাবের মধ্যে পড়েছে। এর মধ্যে ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাকি ৯টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া একই দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। সকালে গাজীপুরের শ্রীপুর এলাকার হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতির অবনতি হলে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।



