স্বাস্থ্য খাতে ১ লাখ কর্মী নিয়োগ শিগগিরই
- অর্থমন্ত্রী

সংগৃহীত ছবি
আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্যসেবায় যে বরাদ্দ দেওয়া হয়েছে তার যথাযথ ব্যবহার নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বললেন, ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করতে হবে। শুধু অবকাঠামো নির্মাণ বা অর্থ ব্যয় করলেই পরিবর্তন আসবে না। সেবার মান বাড়াতে প্রশাসনিক ও পেশাগত দক্ষতা বাড়ানো জরুরি।’
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আয়োজিত এক মতবিনিময়ে এসব কথা বলছিলেন মন্ত্রী। তার মতে, শুধু বাজেট বরাদ্দ বা বিনিয়োগ বাড়ালেই স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। স্বাস্থ্যসেবার পুরো ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে। গুণগত পরিবর্তন আনতে হবে। এজন্য চিকিৎসক, শিক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিজেদের দায়িত্ব ও পেশাদারিত্বের জায়গা থেকে পরিবর্তনের উদ্যোগ নেওয়ার আহ্বান মন্ত্রীর।
প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দেওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী বললেন, ‘প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যকর হলে মেডিকেল কলেজ হাসপাতালের ওপর রোগীর চাপ কমবে। মানুষের স্বাস্থ্য ভালো থাকলে বড় হাসপাতালগুলোর ওপরও চাপ কমে আসবে।’
মতবিনিময় সভায় চমেক হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদা নিয়েও আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে সরকার ইতিবাচক বলে জানান অর্থমন্ত্রী।
সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে চমেক হাসপাতালে একটি ডেঙ্গু ইউনিটের উদ্বোধন করেন মন্ত্রী। হাসপাতালের ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডের মধ্যে চালু করা হয়েছে এই ইউনিটটি।
এর আগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অর্থমন্ত্রী। সেখানে তিনি বললেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে, তাতে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে
সরকার কাজ করছে।’ বিনিয়োগের জন্য বাংলাদেশকে অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবেও উল্লেখ করলেন। তিনি জানালেন, চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৬০০ একর জমিতে একটি ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনার কথাও।




